হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজের অনুমতি পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্বাধীনতার পর এই প্রথম হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমতি মিলেছে। এটি হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং স্থলবন্দরকেন্দ্রিক এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিনের সই করা এক পরিপত্রে এ অনুমোদন দেওয়া হয়। পরিপত্রে যাত্রী চাহিদা ও রেলওয়ের রাজস্ব আয় বিবেচনায় দিনের বেলায় হিলি স্টেশনে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদনের কথা জানানো হয়।
দীর্ঘদিন ধরে হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এ আন্দোলনের সঙ্গে যুক্ত মো. হান্নান বলেন, ‘বেশ কিছুদিন ধরে হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়াসহ মানববন্ধন করে আসছিলাম। গতকালের এই চিঠি পেয়ে হিলিবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো।’
হাকিমপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, ‘হিলিতে দেশের একটি বৃহত্তর স্থলবন্দর রয়েছে। এখানে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির খুবই দরকার ছিল। বুধবার দিনের বেলায় আন্তঃনগর দুটি ট্রেন দাঁড়ানোর চিঠি দেখেছি। এটা হিলিবাসীর জন্য আনন্দের খবর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, এটি দ্রুত বাস্তবায়ন করা হোক।’
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে এ স্টেশনে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী খুলনা মেইল এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমতি রয়েছে।
হিলি রেলওয়ে স্টেশনের মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, ‘আমাদের হাতে এখনো চিঠি এসে পৌঁছায়নি। কবে নাগাদ ট্রেন দাঁড়ানো শুরু হবে, এসব বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যে চিঠি হাতে পেয়ে যাব।’

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 























