নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল যুগে এফ-কমার্স ও অনলাইনভিত্তিক ব্যবসার সম্ভাবনা কাজে লাগিয়ে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটে (বিটিআই) আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠানটির শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের উদ্যোগে “Practical Digital Marketing for F-Commerce” শীর্ষক এ প্রশিক্ষণ কোর্স গত ৮ নভেম্বর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মুহাম্মদ আজাদ হোসেন, ঊর্ধ্বতন অনুষদ সদস্য জিন্নাত আরা, সহযোগী অনুষদ সদস্য ও কোর্স পরিচালক মুনিরা মান্নান এবং সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন।
আয়োজকরা জানান, ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং অনলাইন বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পাঁচ দিনের এ কোর্সে অংশগ্রহণকারীদের ফেসবুক বিজনেস পেজ ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং কৌশল, কনটেন্ট তৈরি, স্টোরিটেলিং (গল্প বলার কৌশল), কপিরাইটিং, টার্গেট অডিয়েন্স চিহ্নিতকরণ, ফেসবুক বিজ্ঞাপন ও প্রচারণা ব্যবস্থাপনা এবং আধুনিক এআই-ভিত্তিক মার্কেটিং টুলসের ব্যবহারিক প্রয়োগ শেখানো হয়। পাশাপাশি অনলাইন ব্যবসার ব্র্যান্ডিং, পণ্যের প্রচার, গ্রাহক সম্পৃক্ততা বাড়ানো ও বিক্রয় সম্প্রসারণের নানা কৌশল হাতে-কলমে দেখানো হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং তা নিজেদের ব্যবসায় প্রয়োগ করে উদ্যোগকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বিসিক পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণকারী সব উদ্যোক্তাকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করা হয় যে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা নিজেদের ব্যবসায়িক উদ্যোগকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সফল করে গড়ে তুলতে পারবেন। দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিসিকের এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
উল্লেখ্য, বিসিকের পরবর্তী প্রশিক্ষণ কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট (bscic.gov.bd এবং scitidahaka.bscic.gov.bd) ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 






















