মানিক কুমার দাসঃ
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. বেলাল উদ্দিন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর ফরিদপুর জেলায় ৭৮১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিত করে পর্যাপ্ত পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, পর্যাপ্ত আলোকসজ্জা ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক তার ও জেনারেটর ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ ছাড়া চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পূজা উপলক্ষে শহরে অবৈধ মোটরসাইকেলের প্রবেশ নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় মাদকের ব্যবহার বন্ধ এবং ডিজে গান পরিহার করে ধর্মীয় গান পরিবেশনের আহ্বান জানানো হয়।
সভায় আরও যানজট নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রতিমা বিসর্জনের সময় নদী ও জলাশয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় ফরিদপুরে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















