মানিক কুমার দাসঃ
ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে পালাক্রমে ধর্ষণের দায়ে দুই তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের আর্থিক দণ্ড ও দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি মহল্লার মোহন বিশ্বাস (২৬) ও তায়েব মাতুব্বর (২৭)।
রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের দায়ে দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপহরণের দায়ে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী দুই ধারায় দেওয়া সাজা আসামিরা একইসঙ্গে ভোগ করবেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ আগস্ট বিকেলে ভাঙ্গা উপজেলার একটি গ্রামের ওই কিশোরীকে বাড়ির পাশ থেকে মুখে রুমাল চেপে একটি মাইক্রোবাসে তুলে নেয় মোহন ও তায়েব। পরে চলন্ত মাইক্রোবাসে ভাঙ্গা গোলচত্বর ও মুনসুরাবাদ এলাকার মহাসড়কে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়।
পরদিন ৯ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল ২০২১ সালের ৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















