আলিফ হোসেন, তানোর (রাজশাহী): রাজশাহীর তানোরে চলতি রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, অড়হড় এবং গমসহ বিভিন্ন ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৯৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনার উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু সাইদ, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা ও উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সী প্রমুখ।
ইউএনও বলেন, ‘আপনারা সৌভাগ্যবান কৃষক। কারণ এ উপজেলা কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। হাজার হাজার কৃষক রয়েছে। তাদের মধ্যে আপনারা বিনামূল্যের সার-বীজ প্রণোদনা পাচ্ছেন। বর্তমান সরকার কৃষিকে প্রাধান্য দিয়েছে। এজন্য বৈশ্বিক সংকটের মধ্যেই প্রণোদনা দেওয়া হচ্ছে। এ প্রণোদনার সার-বীজ পেয়ে আপনারা চাষাবাদ বৃদ্ধি করবেন। চাষাবাদ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়াবেন। উৎপাদন বাড়াতে পারলে এলাকার চাহিদা মিটিয়ে বাইরের এলাকায় রপ্তানি করা যাবে। কোনোভাবেই প্রণোদনার সার-বীজ বিক্রি করা যাবে না।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার মধ্যে ৯ হাজার ৯৭০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। এর মধ্যে সরিষা বীজ দেওয়া হবে ৯ হাজার ৪০০ জন কৃষককে। জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। মসুর দেওয়া হবে ৪৫০ জনকে। জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হবে। খেসারি দেওয়া হবে ২০ জনকে। জনপ্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হবে। অড়হড় দেওয়া হবে ৫০ জনকে, জনপ্রতি ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হবে। গম দেওয়া হবে ৫০ জনকে। জনপ্রতি ২০ কেজি বীজ, ইউরিয়া ৩৫ কেজি, টিএসপি ২০ কেজি ও ১৮ কেজি করে এমওপি সার দেওয়া হবে। এর মধ্যে কলমা ইউনিয়নে ১ হাজার ২৪০ জন, বাঁধাইড় ইউনিয়নে ১ হাজার ৪৫০ জন, পাঁচন্দর ইউনিয়নে ১ হাজার ১৬০ জন, কামারগাঁ ইউনিয়নে ১ হাজার ৩০০ জন, তালন্দ ইউনিয়নে ৬৫০ জন, সরনজাই ইউনিয়নে ৭০০ জন, চান্দুড়িয়া ইউনিয়নে ৭৫০ জন, তানোর পৌরসভায় ৭৫০ জন ও মুন্ডুমালা পৌরসভায় ১ হাজার ৪০০ জন কৃষক পাবেন বিনামূল্যের প্রণোদনা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন জানান, যাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে তারা কী পরিমাণ চাষাবাদ করছেন বা করছেন না, সে বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা (এএও) তদারকি করবেন। যারা প্রণোদনা পেয়ে চাষাবাদ করবেন না, আগামীতে তারা প্রণোদনার আওতায় আসবেন না। এ সময় কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারী এবং উপকারভোগী কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 






















