কাজল ইসলামঃ
কুড়িগ্রামের চরঞ্চলের শিক্ষার মান অগ্রগতি এবং শিক্ষক শিক্ষার্থীদের নানামুখী সমস্যা লাঘব ও শিক্ষার অবকাঠামো উন্নয়ন দাবি জানান চরাঞ্চলের শিক্ষকগণ। কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এ সব কথা তুলে ধরেন চরাঞ্চলের শিক্ষকরা।
শুক্রবার ২৬ জুন কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চরাঞ্চলের যাত্রাপুর ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অগ্রগতিকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। মতবিনিময় সভায় চরাঞ্চলের শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন চরাঞ্চলের শিক্ষকরা। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো রাস্তা নির্মাণ, টিন যুক্ত স্কুলের ছাদ করণ, বন্যায় লেখাপড়া করার পরিবেশ, স্কুলে বেঞ্চ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ইত্যাদি।
মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন, কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে অগণিত শিক্ষার্থী লেখাপড়া করেন। কিন্তু তারা শহরের শিক্ষার্থীদের মতো সার্বিক সেবামূলক পরিবেশ থেকে বঞ্চিত। চরের শিক্ষক-শিক্ষার্থী উভয়ে কষ্টের মধ্যে দিয়ে পাঠদান করে আসছেন দীর্ঘদিন থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় চরের শিক্ষক-শিক্ষার্থীদের কষ্টের কোন প্রতিকার মেলেনি এখনো। বন্যা হলে যাতায়াতের রাস্তাগুলো পানি দিয়ে তলিয়ে যায়। এছাড়াও বৃষ্টি হলে টিনের চাল ভেদ করে শ্রেণীকক্ষে পানি পড়ে ভিজে যায় বসার বেঞ্চ। তাছাড়া চাহিদার চেয়ে তুলনামূলক কম রয়েছে শিক্ষক। এর ফলে শিক্ষার মুল শেকড় থেকে বঞ্চিত হচ্ছে চরের অনেক মেধাবী ছাত্র/ছাত্রী। এতে করে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী শিক্ষা থেকে ঝরে পড়ার গতিপথ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন মতবিনিময় সভায় বক্তব্য দেওয়া শিক্ষকগণ।
এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. শরিফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সৈয়দ ফিরোজ ইফতেখার, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, শিক্ষক নুর মোহাম্মদ, মারুফা সুলতানা নীরা, সায়েম আনছারী প্রমুখ।
মতবিনিময় সভায় চরাঞ্চলের শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিকে যৌক্তিক বলে আখ্যায়িত করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা আপনাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে সমস্যা সমাধানের জন্য কাজ করব। এর পাশাপাশি পিছিয়ে পড়া চরাঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীদের অবকাঠামো উন্নয়নের দিক বিবেচনা করব এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, মেধাবী ছাত্র/ছাত্রীদের বিদ্যালয়মুখী করাসহ ঝরে পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমরা। চরাঞ্চলের শিক্ষার মান দ্রুত উন্নয়নের চেষ্টা করবো বলে আশ্বস্ত করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
কাজল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 




















