গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গংগাচড়া উপজেলায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে “১৪২ ওয়াটার হ্যান্ড পাম্পস প্রজেক্ট”-এর উদ্বোধনী (Project Inception Meeting) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) উপজেলার পাকুড়িয়া শরীফ কছিমিয়া (রহ.) সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গের গদ্দীনিশিন পীরে কামেল পীরজাদা মাওলানা শাহ মোঃ ফজলে রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুল ইসলাম, এডমিন ম্যানেজার, সওয়াব (মুসলিম চ্যারিটি) বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তানভীর আহমেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার, সওয়াব (মুসলিম চ্যারিটি) বাংলাদেশ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রখ্যাত ওয়ায়েজিন হযরত মাওলানা মুহাম্মদ মোসাদ্দেক হোসেন সিদ্দিকী (রংপুর), স্থানীয় আলেম-উলামা, শিক্ষকমণ্ডলী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ।
সভায় বক্তারা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ পানির অভাব দেশের অনেক অঞ্চলের মানুষের জন্য এখনও একটি বড় সমস্যা।
মুসলিম চ্যারিটি-এর অর্থায়নে এবং সওয়াব (SAWAB)-এর বাস্তবায়নে গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৪২টি ওয়াটার হ্যান্ড পাম্প স্থাপনের মাধ্যমে শত শত পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে। এর ফলে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সিরাজুল ইসলাম বলেন, মানবকল্যাণমূলক এ প্রকল্পের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় নিরাপদ পানির ব্যবস্থা পৌঁছে দেওয়া। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে পীরজাদা মাওলানা শাহ মোঃ ফজলে রাব্বি বলেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা একটি মহৎ ও মানবিক উদ্যোগ। তিনি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের সুফল যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। নিরাপদ পানির এ উদ্যোগ গংগাচড়া উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 





















