নাঈমুল ইসলামঃ
ঢাকা-রংপুর মহাসড়কের রংপুর মহানগরের প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ সড়ক জংশন মডার্ন মোড়ে (অর্জন মোড়) যানজট ও দুর্ঘটনা নিরসনে ভবিষ্যতে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান।
জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার ফোর-লেন মহাসড়ক নির্মাণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। রংপুর মহানগরের প্রধান প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়ক জংশন এই মডার্ন মোড় দিয়ে প্রতিদিন উত্তরের ৭টি জেলার শত শত যানবাহন চলাচল করে এবং হাজার হাজার মানুষ সড়ক পারাপার হয়। এর ফলে সেখানে প্রতিনিয়ত ব্যাপক যানজট, পথচারীদের দুর্ভোগ এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি বিবেচনায় মডার্ন মোড়ে দ্রুত একটি ফ্লাইওভার নির্মাণ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন এবং এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেন।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২’-এর আওতায় এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত ১৯০ কিলোমিটার এন-৫ জাতীয় মহাসড়কটি সার্ভিস লেনসহ ৬-লেনে উন্নীতকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে চলমান এই প্রকল্পে মডার্ন মোড়ে সরাসরি কোনো ফ্লাইওভার নির্মাণের সংস্থান রাখা হয়নি।
তবে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে যানবাহনের চাপ, যানজটের মাত্রা এবং সার্বিক প্রয়োজনীয়তা পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প-৩’-এর আওতায় মডার্ন মোড়ে ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরে রংপুরবাসীর দীর্ঘদিনের যানজট নিরসন ও নিরাপদ সড়ক যোগাযোগের অগ্রগতি ত্বরান্বিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
নাঈমুল ইসলাম, রংপুর সদর উপজেলা প্রতিনিধি 




















