হুমায়ন আহমেদ:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট “৬৫ হাজার টাকা জরিমানা” করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে সার, ওষুধ, এলপিজি গ্যাস ও বীজের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানে বৈধ লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে “মেসার্স তিতাস সাইকেল স্টোরের” স্বত্বাধিকারী মো. মফিজ উদ্দীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অনুমোদন ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারের দায়ে “মেসার্স সামিরন ফার্মেসির” স্বত্বাধিকারী মো. আশরাফুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে “মেসার্স রবিউল বীজ ভান্ডারের” মালিক মো. রবিউল হককে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে “মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিকের” স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ব্যবসায়ীদের বাজারে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং কোনো ধরনের মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য, ওষুধ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাবের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 




















