হাসান মামুনঃ
পিরোজপুরে আবরার বিন মেহেদীর ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে পরিবারের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, মানসিক ভারসাম্যহীন ও কম ভাগ্যবান ২০০ মানুষের মাঝে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) পিরোজপুর বাইপাস সড়কে নিজ বাড়ির সামনে খাবার বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে পথে-ঘাটে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়। পরিবারের সদস্যরা নিজেদের হাতে খিচুড়ি ও মুরগির মাংস রান্না করে প্যাকেট করেন।
প্রতিটি প্যাকেটের সঙ্গে একটি করে পানির বোতল দেওয়া হয়। আবরার বিন মেহেদীর বাবা মেহেদী হাসান দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। মেহেদী হাসান বলেন, দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে আবরারের ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে এবার একটু ভিন্নভাবে দিনটি উদযাপন করা হয়েছে।
জন্মদিনের আনন্দকে শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, গত পাঁচ বছর ধরে সন্তানদের জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এবারের আয়োজনের পরিধি আরও বাড়িয়ে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে থাকা অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের কাছেও খাবার পৌঁছে দেওয়া হয়েছে। মেহেদী হাসান আরও বলেন, পথে-ঘাটে থাকা অনেক মানুষের নিয়মিত খাবারের নিশ্চয়তা নেই।
তাঁদের হাতে খাবার তুলে দিতে পেরে ভালো লাগছে। জন্মদিনকে আনন্দ-উৎসবের পাশাপাশি মানবিক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সন্তানদের ছোটবেলা থেকেই মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দিতে চান তাঁরা। ভবিষ্যতে সন্তানরা মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে বেড়ে উঠবে, এটাই তাঁদের প্রত্যাশা।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি 
















