জসীমউদ্দিন ইতি:
আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আয়োজিত আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের এই অঞ্চলের সিংহভাগ মানুষ দরিদ্র হওয়ায় অনেকের পক্ষেই চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। সাধারণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, নেপাল সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে, যা জেলার চোখের রোগীদের উন্নত চিকিৎসাসেবা পেতে সহায়তা করবে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের আই ক্যাম্পের পরিধি বাড়ানোর বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতোমধ্যে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে। তিনি বলেন, “আমরা স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি, পদ্ম নারায়ণ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 












