সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
শহিদুল ইসলাম বাবুলের ভিডিওর পরে ফরিদপুর সদরপুর বাইশরশি জমিদার বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহত্তর ফরিদপুরের দর্শনীয় স্থানসমূহের মধ্যে বাইশরশি জমিদার বাড়ির নাম ইতিহাসের এক অন্যতম নিদর্শন। ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরত্বে বর্তমান সদরপুর উপজেলার মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি। এককালে প্রভাবশালী বাইশরশি জমিদাররা ফরিদপুর-বরিশালসহ ২২টি পরগনার বা জোত মহলের অধিপতি ছিলেন। জমিদারি পরিচালনার পাশাপাশি তখনকার দিনে বাইশরশির বাড়িটির প্রায় ৫০ একর জমি নিয়ে কয়েকটি বাগানবাড়ি, পুকুর, পূজামণ্ডপ ও দ্বিতলা বিশিষ্ট ছোট-বড় ১৪টি দালানকোঠা দিয়ে ঢেলে সাজিয়েছিলেন।
দু’শ বছরের পুরানো এই জমিদারি স্থাপনার ঐতিহ্য সংরক্ষণ না থাকায় আজ ভগ্নদশায় ধ্বংসস্তূপের মধ্যে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত হারিয়ে যাওয়ায় এর সৌন্দর্য নষ্ট হচ্ছে। সরকারিভাবে সংরক্ষণ ও স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় প্রতিনিয়ত বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। দ্বিতল ভবনের ছাদের নিরাপত্তার জন্য কাঠের আড়াগুলো কেটে নেওয়ার ফলে কয়েকটি রুমের ছাদ ধসে পড়েছে ইতোমধ্যে। এছাড়াও বাড়িটির অন্যান্য কক্ষের লোহার দরজা, জানালা ও গ্রিলও চুরি হয়ে যাচ্ছে।
এ বিষয় নিয়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এই জমিদার বাড়িটি নিয়ে একটি ভিডিওতে প্রামাণ্যচিত্র তুলে ধরেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সাবিনা আলম মহাপরিচালক ২২ রশি জমিদার বাড়িটি বিষয়ে জানতে চেয়ে ফরিদপুরের জেলা প্রশাসককে চিঠি প্রদান করেছেন। চিঠিতে বাইশরশি জমিদার বাড়িটি প্রত্নসম্পদ আইন অনুযায়ী সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য ভূমি তফসিলসহ স্থানীয় প্রশাসনের মতামত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি বিলুপ্তির পথে। এই বাড়িটি ঘিরে অনেক ইতিহাস-ঐতিহ্য রয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে এই ঐতিহ্যবাহী স্থানটিকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে বিষয়টি জানাই। মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করায় আমি সরকারকে ধন্যবাদ জানাই। এটি সংরক্ষণের কারণে দেশের মধ্যে অন্যতম পর্যটক কেন্দ্র হতে পারে বলে মনে করেন স্থানীয়রা।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 






















