গোলাম মোর্তবা শিকদার রিজু:
রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন মঙ্গলবার (১৬ জুন) বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন প্রকল্প এবং জনসেবামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।
সফরের শুরুতে তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সরকারি সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আটটি স্কুল পরিদর্শন করেন।
একই দিনে জেলা প্রশাসক বালিয়াকান্দি থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। পরে এ সময় জেলা প্রশাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কল্যাণে বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রকল্পের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতের সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।”
দিনব্যাপী এই পরিদর্শন ও মতবিনিময় সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নও পরিদর্শন করেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 





















