মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের তিনটি ঘর ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মিলগেট বাজার সংলগ্ন মহিষাপুর ব্রিজের ঢালে অবস্থিত একটি ডেকোরেশন গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ডেকোরেশন ব্যবসার গুদামঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গুদামের তিনটি ঘরে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গুদামে থাকা ডেকোরেশনের বিভিন্ন সরঞ্জাম, আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া গুদামে থাকা দুটি নসিমন গাড়িও আগুনে ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আনিসুর রহমান লিটন জানান, আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা মালামাল মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 




















