আলিফ হোসেনঃ
বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাকে আরো আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সোমবার (২৮সেপ্টেম্বর) বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানসহ (গ্রেড-২) সংস্থার বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএমডিএ চেয়ারম্যান বলেন, সরকার সারাদেশে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই লক্ষ্য অর্জনে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৫ হাজার গভীর নলকূপকে ধাপে ধাপে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নিতে হবে।
এর ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পরিচালনা ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে, অন্যদিকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে দেশের সার্বিক বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখা যাবে। একই সঙ্গে কৃষকের সেচ খরচ হ্রাস পাবে, সময়মতো সেচ নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদন আরও টেকসই রূপ নেবে।
কৃষি ব্যবস্থার সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি আরো জানান, বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় চাহিদা ও অগ্রাধিকার বিবেচনা করে ছোট ছোট প্রকল্প গ্রহণ করা হবে, যেন কোনো এলাকার জমি পানির অভাবে অনাবাদি না থাকে। বরেন্দ্র অঞ্চলের মেগা প্রকল্প ও নদী কেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন কাজ এগিয়ে চলছে উল্লেখ করে তিনি মাঠ পর্যায়ের প্রয়োজনীয়তার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান আসন্ন সেচ মৌসুম শুরুর আগেই বন্ধ থাকা সমস্ত গভীর নলকূপ দ্রুত মেরামত করে সচল করার তাগিদ দেন। একই সঙ্গে পানি ও জ্বালানির অপচয় রোধ করে আধুনিক সেচ ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রকৌশলী ও কর্মকর্তাদের সরেজমিনে কাজ করার আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভায় বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















