মোঃ আরিফুল হাসানঃ
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে পুনরায় চালু হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি)। চালুর প্রথম দিনেই সফলভাবে এক দরিদ্র প্রসূতির সিজারিয়ান সেকশন (সিজার) সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে ও রাজুর স্ত্রী মোসাম্মৎ জান্নাতি (১৮) পূর্ণ ৪০ সপ্তাহের গর্ভাবস্থায় পানি ভাঙার জটিলতা নিয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে বেলা ১১টা ৪৫ মিনিটে তার সিজারিয়ান অপারেশন করা হয়।
অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসক ডা. সৌরিয়া সুলতানা। তাকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান। ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স ফারজানা আহাম্মেদ চৈতি। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুজনের শারীরিক অবস্থাই ভালো রয়েছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সীমিত পরিসরে পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হলো। মা ও শিশু দুজনকেই বর্তমানে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি গাইনি এবং একজন এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে পদায়ন করা যায়, তাহলে নিয়মিতভাবেই এই সেবা চালু রাখা সম্ভব হবে।”
দীর্ঘদিন পর ওটি চালু হওয়ায় মধুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেই জরুরি অস্ত্রোপচার ও প্রসূতি সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 




















