জসীমউদ্দিন ইতি:
“তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো জাতি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ ছাড়া উন্নত হতে পারে না। কঠোর পরিশ্রম ও সময়োপযোগী শিক্ষার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। আজকের চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদেরও সেই দক্ষতায় গড়ে তুলতে হবে।
শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের শিশু-কিশোরদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তারা যেন ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হয় এবং উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইয়াও ওয়েন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরাই এ দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার উন্নয়নে অংশীদার হতে পেরে চীন সরকার অত্যন্ত আনন্দিত। এই শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহ জোগাবে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও জানান, প্রতিবছর বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। এছাড়া ঠাকুরগাঁওয়ের কৃষি, শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে চীন থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সফরে আসবে। তারা এ অঞ্চলের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষেত্রগুলো মূল্যায়ন করবে। একই সঙ্গে আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে ঠাকুরগাঁওসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের চীন সফরের সুযোগ সৃষ্টি করা হবে, যা দুই দেশের তরুণ প্রজন্মের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রশাসক, বেলাল হোসেন, পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 





















