হুমায়ন আহমেদ আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
‘ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’—এই স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে পিএসইউএসের মিটিং রুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রভাষক ডালিয়া নাসরিন, অন্বেষা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক লিজা হোসাইন, বিশিষ্ট সমাজসেবক লিটু বিশ্বাস, ব্র্যাক চুয়াডাঙ্গার রিজিওনাল ম্যানেজার নাহিদ উজ্জামান, মোতাহারুন্নেছা স্বাস্থ্য সেবার ম্যানেজার রেইচ উদ্দিন, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ম্যানেজার খাইরুল ইসলাম এবং উপজেলা কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। সভাটি পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন আসাদুজ্জামান, মহিবুল হাবীব ও হামিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আকর্ষণীয় ডিজাইন, বিভিন্ন ফ্লেভার ও আধুনিক প্রচারণার মাধ্যমে তরুণদের ই-সিগারেট, ভেপ ও নিকোটিনজাত পণ্যের প্রতি আকৃষ্ট করার প্রবণতা উদ্বেগজনক। এসব পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।
তাঁরা আরও বলেন, শিশু-কিশোর ও তরুণদের নিকোটিনের আসক্তি থেকে সুরক্ষিত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তামাক ও নিকোটিনের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন, পণ্যের প্রচার-প্রচারণা নিয়ন্ত্রণ এবং তরুণদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
বক্তারা তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা এবং সুস্থ-সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 




















