আসলাম বেপারী:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আয়োজিত বিভিন্ন দপ্তরের নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে তিনি তার কর্মসূচি শুরু করেন। শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
পরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণের পাশাপাশি চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন তিনি।
এছাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কেউ কোনো খারাপ আচরণ করবেন না। কারও কোনো অপরাধ থাকলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান।
এ সময় তিনি বলেন, “মাদক ও চাঁদাবাজি আমার আসনে চলবে না।” নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা জনগণের খাদেম হয়ে যান।”
তিনি আরও বলেন, বিজ্ঞান আমাদের জীবনে যেমন সুফল বয়ে এনেছে, তেমনি এর অপব্যবহার করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করে মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সকলকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে, কেউ যেন মিথ্যা অপপ্রচার না করতে পারে।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক এ কে এম আসজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এ জি এম বাদল আমিন, শাজাহান সিকদার, কে এম ওবায়দুল বারি দিপু খান, মোস্তফা কবির প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তর প্রধানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর 



















