মাহবুবুর রহমান সোহেলঃ
একটি হামলা, ২৬ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই, আর শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে হারানোর নির্মম বেদনা—গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমানের (৪৭) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারি আর বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরপাড়া।
গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় অতর্কিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হন ব্যবসায়ী আজিবর রহমান। এরপর দীর্ঘ ২৬ দিন গাজীপুরের কেপিজি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি। অবশেষে গত ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই ব্যবসায়ী।
নিহত আজিবর রহমান ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে।
প্রিয় মানুষটিকে হারিয়ে এখন শুধু শোক নয়, স্বজনদের কণ্ঠে একটাই দাবি—হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে, এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারগিস আক্তার, আন্জুমান আরা, নুসরাত আক্তার, লোবাবা আক্তার, সুফিয়া বেগম, ফরিদুল ইসলাম সাগর, শাহলম হোসেন, আনোয়ার হোসেন, সেলিম রানাসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, একজন মানুষকে হারিয়ে একটি পরিবার আজ নিঃস্ব। দীর্ঘ ২৬ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি আজিবর রহমানকে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে স্থানীয়দের পক্ষ থেকে সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
স্বজনদের প্রশ্ন—একজন মানুষকে এভাবে হারানোর পরও যদি বিচার না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
আজিবর রহমানের পরিবার ও এলাকাবাসীর দাবি, আর কোনো পরিবার যেন এমন নির্মম পরিণতির শিকার না হয়। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করাই এখন তাদের একমাত্র প্রত্যাশা।

শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে 
মাহবুবুর রহমান সোহেল, বিষেশ প্রতিনিধি 





















