সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে যুবক তাইজুল সরদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় দফায় দফায় এসব হামলা চালানো হয়। এতে প্রতিপক্ষের অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে কালকিনির কালিগঞ্জ বাজারে হানিফ হাওলাদারের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় বোরকা পরিহিত ব্যক্তিরা ইজিবাইকে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পর ধাওয়া করে তাইজুল সরদার ও আল আমিন নামে আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়।
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সোমবার ভোরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিহত তাইজুলের স্বজন ও বিক্ষুব্ধ লোকজন আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতবাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাঁর কর্মী-সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একপর্যায়ে বেশ কয়েকটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, নিহত তাইজুল সরদার (২২) মাদারীপুর সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন এবং ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। আহত মহসিন চৌকিদার ও জহির চৌকিদার কালকিনির কালিনগর এলাকার মোতালেব চৌকিদারের ছেলে। অপর আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 























