আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে জমি চাষের মাত্র ১৫০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে আব্দুস সালাম (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে কুষ্টিয়ায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় ট্রাক্টর মালিক আরিফ (৩৫)-এর বিরুদ্ধে কাঠের চলা দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মোড়ভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে আব্দুস সালাম ও ট্রাক্টর মালিক আরিফের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আরিফ কাঠের চলা দিয়ে সালামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী হাসপাতাল) নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুস সালামের গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনেরা তাঁর সুস্থতা কামনায় উদ্বিগ্ন সময় পার করছেন। বাড়িতে স্বজনদের কান্না ও আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
মাত্র ১৫০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এমন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামান্য অর্থের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, অভিযোগ পেলে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোট: অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 




















