বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।
গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ।
প্রজ্ঞাপনে বলা হয়, একদিনের শোক পালন উপলক্ষে সব সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যসব ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকার গভীর সমবেদনা, আন্তরিক দুঃখপ্রকাশ করছে। সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক 





















