অপি মুন্সী:
মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলার আসামি পুত্রবধু ও শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজ বাড়ি থেকে একজনকে গ্রেফতার করা হয় এবং শিবচর ডিসি রোড থেকে মাফিয়া সোবহানের স্ত্রীকে আটক করা হয়।
জানা যায়, মানবপাচারকারী সোবাহান দীর্ঘদিন ধরে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে যাত্রীদের আটক করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ২০ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করত। টাকা দিতে বিলম্ব হলে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়।
আবু জম্মাদ্দার নামক এক ভুক্তভোগী জানান, “আমার ছেলেকে কয়েকদিন যাবত মাফিয়া ধরে নিয়ে গেছে। ইতিমধ্যে জমিজমা বিক্রি করে বেশ কিছু টাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছি। আরও টাকা চায়। টাকা না দিলে মারধর করে ভিডিও পাঠায়, যা আসলে মেনে নেওয়া যায় না।”
আরেক ভুক্তভোগী চুন্নু মিয়া বলেন, “আমার ছোট ভাইকে মাফিয়া ধরে নিয়ে গেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে ছোট ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতনের ভিডিও দেয়, যা সহ্য করা কঠিন। আমরা এই দালাল মাফিয়াচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
গ্রেফতার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী। তাকে শিবচর ডিসি রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। অপর গ্রেফতারকৃত সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে। গ্রেফতার দুইজন সম্পর্কে পুত্রবধু ও শ্বশুর।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশাম্মত তাবাসসুম আটক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 





















