রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে পৃথক দুই ঘটনায় এক ভ্যানচালক ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকালে সড়ক দুর্ঘটনায় এবং দুপুরে বজ্রপাতে এ দুইজনের প্রাণহানি ঘটে।
জানা যায়, সকালে উপজেলার পোকোন্দা এলাকায় মুক্তার হোসেন (৭০) নামে এক ভ্যানচালক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি পোকোন্দা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি অটোভ্যান নিয়ে আব্দুলপুরের দিকে যাওয়ার পথে তৈয়ব আলীর বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি কর্মীবাহী স্টিয়ারিং গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী নেওয়ার পথে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর নওসাড়া সুলতানপুর চরে বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. মসলেম মন্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আলতাব হোসেন জানান, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ ঝলসে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
সময়ের প্রত্যাশা ডেস্ক : 




















