রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টার ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন মাঠের পাকা ধান পানিতে তলিয়ে যায় এবং অনেক ক্ষেতেই ধান মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের পরিশ্রম শেষে ধান কাটার উপযুক্ত সময় এলেও হঠাৎ এই দুর্যোগে তাদের সব আশা ভেস্তে যেতে বসেছে। অনেক জমিতে জমে থাকা পানির কারণে ধান কাটা সম্ভব হচ্ছে না, আবার যেসব ধান ইতোমধ্যে পেকে গেছে সেগুলো পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পানির নিচে ডুবে আছে বোরো ধান। কোথাও কোথাও শিলাবৃষ্টির আঘাতে ধানের শীষ ঝরে পড়েছে। এতে করে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষকরা জানান, এ মৌসুমের বোরো ধানই তাদের বছরের প্রধান আয়ের উৎস। কিন্তু আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে তারা এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, ফলে ফসল নষ্ট হলে তা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে ভোলাহাট উপজেলার কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন।
প্রিন্ট

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 




















