ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার ছেঁউড়িয়া-য় অবস্থিত লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত লালন স্মরণোৎসবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার।
সোমবার (২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ এবং নৈতিকতার অবক্ষয়ের প্রেক্ষাপটে তিনি লালন শাহ-এর দর্শনকে মানবতার বিকল্প পথ হিসেবে তুলে ধরেন।
ফরহাদ মজহার বলেন, “পৃথিবী খুব কঠিন সময়ের দিকে যাচ্ছে। আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন আজ বড় সংকটে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরি।”
বিশ্বরাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, শক্তিধর রাষ্ট্রগুলোর আধিপত্য বিস্তারমূলক নীতির ফলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে অস্থিরতা বাড়ছে। তিনি এসব ঘটনাকে মানবিক মূল্যবোধের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করেন, এ বক্তব্য তার ব্যক্তিগত বিশ্লেষণ।
বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি বলেন, দেশের জনগণ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় সংগ্রাম করলেও আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর নানা শর্ত রাষ্ট্র পরিচালনাকে জটিল করে তুলেছে। এ সময় তিনি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র নীতিগত প্রভাবের কথা উল্লেখ করেন এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
লালনের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে ফরহাদ মজহার বলেন, লালনকে ঘিরে সমাজে যে গোপনীয়তা বা গূঢ়বাদের ধারণা প্রচলিত রয়েছে, তার অনেকটাই বিভ্রান্তিকর। তার মতে, লালন নিজেকে কখনো বাউল বা সুফি হিসেবে পরিচয় দেননি; বরং নিজেকে ফকির বলেছেন। তার মূল শিক্ষা ছিল—“ভাব দিয়ে ভাব নেওয়া”, অর্থাৎ পারস্পরিক বোঝাপড়া ও প্রজ্ঞার চর্চা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তৃতার শুরুতে ফরহাদ মজহার উপস্থিত অতিথি ও ভক্তদের শুভেচ্ছা জানান এবং বলেন, বিশ্বের এই অস্থির সময়ে লালনের মানবিক দর্শনই হতে পারে শান্তি ও সহাবস্থানের পথ বেছে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার 



















