কৌশিক চৌধুরী:
গত ২৪ শে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হিলিতে দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগের মামলায় ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান কাওসার রহমান (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওসার রহমানকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
গ্রেফতারকৃত কাওসার রহমান (৪৫) হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান কাওসার রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তবে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে নির্বাচিত হলেও দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ ৯০-১০০ জন অজ্ঞাত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থী সূর্যের ভাই। হাকিমপুর থানার মামলা নং-০৭।
উক্ত মামলায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা এবং ওসি জাকির হোসেনের পরামর্শে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল দুপুর আড়াইটার দিকে উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান কাওসার রহমানকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন এবং প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতের আদেশ অনুযায়ী কাওসার রহমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রিন্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কৌশিক চৌধুরী, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 




















