আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রির জন্য আনা প্রায় চার মণ কালোজিরায় ভেজাল থাকার সন্দেহ হওয়ায় স্থানীয় এক ব্যবসায়ী বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে ওই কালোজিরা রেখে পালিয়ে যান বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধুখালী হাটে কয়েকজন ব্যক্তি কৃষক পরিচয়ে কালোজিরা বিক্রি করতে আসেন। পরে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লটাই বিশ্বাসের ভুসিমালের দোকানে কালোজিরা বিক্রির জন্য নিয়ে গেলে তার সন্দেহ হয়। তিনি কালোজিরা পরীক্ষা করে এতে পাথর-বালুসহ ভেজাল উপাদান মেশানো থাকার দাবি করেন।
এ সময় লটাই বিশ্বাস কৌশলে বিক্রেতাকে দোকানে বসতে বলেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। এর মধ্যেই ওই ব্যক্তি প্রায় চার মণ কালোজিরা দোকানে রেখে সেখান থেকে পালিয়ে যান।
পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মধুখালী বাজারের চৌরাস্তা কালী মন্দিরের সামনে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে ওই কালোজিরা নষ্ট করে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান।
কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী জানান, প্রাথমিকভাবে কালোজিরার মধ্যে ভেজাল থাকার বিষয়টি দৃশ্যমান মনে হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মসলা গবেষণা কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ সময় মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লটাই বিশ্বাস, বাজারের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমামুল বিশ্বাস ইমামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















