আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি উপজেলা পরিষদ চত্বরে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। রোববার (১২-০৪-২০২৬) সকালে সিনিয়র সহকারী কমিশনার সাবিহা সুলতানা ডলি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে মেলার আয়োজন করা হয়।
মেলায় স্কুল-কলেজ মিলে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্বোধনী প্রকল্প প্রদর্শন করেন। শিক্ষার্থীদের তৈরি সোলার প্যানেল, রোবটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নানা বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শনী করা হয়। স্টল পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় ও সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। উপস্থিত ছিলেন আলপনা ইয়াসমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা।
মেলা ঘুরে দেখা যায়, নিজ নিজ প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত স্টলের শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞানকে জনপ্রিয় ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রণোদনা সৃষ্টির প্রয়াস এবং বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়ার প্রতিযোগিতায় তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে স্টল সাজিয়ে দর্শকদের আকৃষ্ট করেছেন। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এ থেকে মেলার সার্থকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















