ফিরোজ আলম:
রাজশাহীর মোহনপুর উপজেলায় “গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এ আয়োজন করে।
মতবিনিময় সভায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের পরিচালক (রু.দা.) নাফেয়ালা নাসরিন।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা বিনতে আখতার বলেন, বর্তমানে গুজব প্রতিরোধ অত্যন্ত সময়োপযোগী বিষয়। গুজব সবসময় যে ভিকটিমের জন্য ক্ষতিকর তা নয়, এটি মিডিয়াকর্মীদের জন্যও অনেক সময় ভয়ংকর হতে পারে। বিভিন্ন পত্রিকার নামে ফটোকার্ড ছাপিয়ে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। গুজব দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে।
তিনি বলেন, পূর্বে গুজবের উদ্দেশ্য ছিল বিভ্রান্তি তৈরি করা। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে বসে বসে মজা নেওয়াই ছিল গুজবের মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন বেশিরভাগ গুজব ছড়ানো হচ্ছে ভিউ ব্যবসার উদ্দেশ্যে। গুজব সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিউ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জনই এখন মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, কিছু ভুল বোঝাবুঝি ছাড়া মোহনপুরের কোনো গণমাধ্যমকর্মী গুজবকে প্রশ্রয় দেন না। যারা গুজব ছড়ায়, তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার।”
অনুষ্ঠানের শুরুতে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্। মোহনপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















