মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৭ মে) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলার বিভিন্ন হাট-বাজারে কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ে “ধলতা বা শুকনা প্রথার” নামে অতিরিক্ত পণ্য আধায় রোধে উপজেলা পর্যায়ে ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, বাগদুলী বাজার বণিক সমিতির সদস্য শাজাহান আলী, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান মুন্সী, কৃষক তোবারক হোসেন, ব্যবসায়ী আব্দুল মজিদ, কৃষক কামরুল হাসান, ব্যবসায়ী জিন্নাহ ও ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আকমল হোসেন।
পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল গণি, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, মৌরাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বিশ^াস, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন খানসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সভায় উপস্থিত ছিলেন।
সভায় ধলতা প্রথা সামগ্রিকভাবে বন্ধ এবং ব্যবসায়ীদের লাইসেন্স করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ ও আমসহ অন্যান্য কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের সময় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের ওজনের ক্ষেত্রে তারা প্রচলিত ‘ধলতা’ বা ‘শকনা’ গ্রহণের অজুহাতে কৃষকদের বাধ্য করে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য গ্রহণের অভিযোগ রয়েছে। যা অনৈতিক এবং ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর অধ্যায় ৪, ধারা ২৯ অনুযায়ী একটি দন্ডনীয় অপরাধ।
কৃষকদের এই আর্থিক হয়রানি থেকে রক্ষা করতে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৭শে এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তরের বাজার সংযোগ শাখা-১ থেকে সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করা হয়।
-পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বৃহস্পতিবার বিকালে ধলতা প্রথার নামে অতিরিক্ত পণ্য আদায় রোধে সভায় বক্তব্য রাখেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















