মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে কাওছার শেখ (৩৫) নামের এক পলাতক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন পুলিশের এএসআই আতাউর রহমান। খালি গায়ে গামছা পরে ফসলের মাঠে কৃষকের ছদ্মবেশ ধারণ করে ডাকাতকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছেন তিনি।
শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ১১টার দিকে দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতারের বর্ণনা মিডিয়ার সামনে তুলে ধরেন এএসআই আতাউর রহমান।
গ্রেফতারকৃত ডাকাতের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের পুত্র।
থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার পৌরসভা ও হাইওয়ে এক্সপ্রেসসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো কাওছার। তার বিরুদ্ধে ভাঙ্গা পৌর এলাকার একটি ডাকাতি মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এর আগে কাওছারের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একটি ডাকাতি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৫, জিআর-৩২৪/২৪, তাং-০৪/০৯/২০২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)। উক্ত মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে ভাঙ্গা থানায় কর্মরত এএসআই মোঃ আতাউর রহমান বলেন, “ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে কাওছার ডাকাতকে গ্রেফতারে অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশ ধরে কাওছারকে গ্রেফতার করতে সক্ষম হই। কাওছার দীর্ঘদিন ধরে একটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 





















