বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
ফুয়েল কার্ডে পাওয়া যাবে জ্বালানি তেল। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করলে ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে। যারা আবেদন করবেন, শুধুমাত্র তারাই ফুয়েল কার্ড পাবেন।
বৃহস্পতিবার (০৯-০৪-২০২৬) দুপুর ৩ টায় রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সকল পাম্পে তেল সরবরাহ করা হবে। তবে তার আগে তেল ফুরিয়ে গেলে সরবরাহ বন্ধ হয়ে যাবে।
গত সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জ্বালানি তেল সংকট নিরসনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইউএনও। সভায় তেলের সরবরাহ বাড়ানোর দাবিসহ সরকারি কাজে জরুরি সেবায় নিয়োজিতদের আলাদাভাবে তেল সরবরাহেরও দাবি করা হয়। এছাড়াও ভোক্তাদের হয়রানি বন্ধে কঠোর মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে টাকার সমপরিমান তেল না পাওয়ার অভিযোগ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু লোকজন কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, আনসার-ভিডিপির বাঘা উপজেলা অফিসার শরিফ মাহমুদ, পাম্প মালিক লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়কসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন উপজেলার দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীরা।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















