মোঃ জিয়াউর রহমান:
কুষ্টিয়ার দৌলতপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রয়ের অভিযোগে বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে দৌলতপুর সেন্টার মোড় এলাকার এক সাব-ডিলারের দোকানে অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস ওই দোকানের সাব-ডিলার মিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে দৌলতপুরের তিনটি পেট্রোল পাম্পে প্রতিদিনই জ্বালানি তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে জ্বালানি তেল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, এসব পাম্প থেকে প্রভাব খাটিয়ে কিছু চিহ্নিত ব্যক্তি রাতের নির্দিষ্ট সময়ে ড্রামে করে তেল নিয়ে গিয়ে মজুদ করছেন এবং পরে প্রতি লিটার ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করছেন।
সচেতন এলাকাবাসী এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ পাম্প ও সাব-ডিলারগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।
এদিকে ডিপো থেকে পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হলেও সাধারণ মানুষ তা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 





















