মো. কামরুল হাসান:
মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন “মীম ব্রিকস” নামক অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রবিবার (২৯ মার্চ) দুপুর ১টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাটরা ও কুমরুল গ্রামের প্রায় ৫০০ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, ইটভাটার জমির মালিক এনামুল খায়রুল শিকদার, মো. মারুফ শেখসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া স্থানীয়রা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
তারা আরও জানান, ইটভাটার জমির ওপর দিয়ে ফসল নেওয়াকে কেন্দ্র করে খায়রুল নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে জোরপূর্বক জমি দখল, মাটি কাটা এবং ফসলি জমিতে পুকুর খননের মতো কর্মকাণ্ডে জড়িত।
বক্তারা দ্রুত ইটভাটাটি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, উক্ত ইটভাটার মালিক নাগড়া গ্রামের বাসিন্দা আওয়াল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা। তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি 





















