আব্দুল হামিদ মিঞা:
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণের সময় গরু বাঁচাতে গিয়ে গৃহবধূ আঞ্জুমারা বেগম আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম, মৃত রহমতুল্লাহর ছেলে। তিনি জানান, আগুনে বসতঘরের তিনটি কক্ষসহ আসবাবপত্র, নগদ টাকা, টেলিভিশন ও স্বর্ণালংকার পুড়ে গেছে। এছাড়া দুটি ছাগল ও দুটি গরু আগুনে দগ্ধ হয়েছে। গরু বাঁচাতে গিয়ে তার স্ত্রী আঞ্জুমারা বেগম আহত হন।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত আছেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার ও কম্বল দেওয়া হয়েছে এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















