ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার দৌলতপুরে রিয়াজুল ইসলাম (৪৮) নামে এক ভ্যান চালকের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ডাকাতরা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করেছে।
ঘটনা বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর-ফুটানি বাজার এলাকায় ঘটে। রিয়াজুল ইসলাম একই এলাকার বাবু হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরপরই এলাকায় বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে ঘরের বাইরে থাকা পরিবারের সদস্যরা বাইরে বের হলে, তিনজন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে। তারা রিয়াজুল ইসলামের স্ত্রী নাসিফন খাতুন (৪২) এর গলায় অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিদ্যুৎ ফিরে আসার পরে বাড়ির সদস্যরা ঘরে গিয়ে নাসিফন খাতুনকে বাঁধা অবস্থায় দেখতে পান এবং উদ্ধার করেন। নাসিফন খাতুন জানিয়েছেন, “আমি শুয়ে ছিলাম। হঠাৎ তিনজন মুখোশধারী ব্যক্তি হাসুয়া নিয়ে আমার গলায় ধরে, পরে আমার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং বাক্সের চাবি নিয়ে নগদ টাকা নিয়ে চলে যায়।”
রিয়াজুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, “ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















