আসলাম বেপারী:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের ইউনিয়নে চর ভাঙা ব্রিজ সংলগ্ন শাহাদাত বেপারী মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল।
টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধারাবাহিক লড়াই শেষে ফাইনালে ওঠে দোয়েল এক্সপ্রেস ও ভাই ভাই ক্রিকেট ক্লাব। জমজমাট ফাইনাল ম্যাচে দারুণ খেলায় ভাই ভাই ক্রিকেট ক্লাব প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড়। স্থানীয় যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
টুর্নামেন্টের মূল আয়োজক অ্যাডভোকেট রাসেল মাহমুদ রিয়ান বলেন, প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা। তবে এ ক্ষেত্রে সকলের সম্মিলিত সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমানে মাদক ও মোবাইল আসক্তি যেভাবে যুব সমাজকে গ্রাস করছে, সেখান থেকে মুক্তির অন্যতম উপায় হচ্ছে ক্রীড়া চর্চা। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ধারায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই ক্রীড়া অনুষ্ঠানে আকোটের চরের সর্বস্তরের জনগণ ও গুণীজনরা উপস্থিত ছিলেন। তারা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর 





















