৭ বছর পর জীবিত উদ্ধার অপহরণ ও হত্যা মামলার ভিকটিম
রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার এক ভিকটিমকে দীর্ঘ ৭ বছর পর জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে দুপুরে ভোলাহাট উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা মোছাঃ আয়েশা খাতুন (১৭), পিতা মোঃ আবুল হোসেন ও মাতা মোসাঃ আদুরী বেগমের মেয়ে, নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় তার মা আদুরী বেগম আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলাটি সিআর মামলা নং-৯৫/২০২৩, ধারা ৩৬৪/৩০২/১০৯ পেনাল কোডে রুজু হয়।
পরবর্তীতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর পুনরায় সিআর মামলা নং-১৯৯/২০২৪ (ভোলা) হিসেবে বিষয়টি ভোলাহাট থানায় তদন্তাধীন থাকে।
দীর্ঘদিন তদন্তের একপর্যায়ে গত ৩ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভোলাহাট ঢাকা বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামনে থেকে ভিকটিম আয়েশা খাতুনকে উদ্ধার করা হয়।
বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 





















