রাশিদুল ইসলাম রাশেদঃ
হিন্দু সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ নারীদের ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হয়ে নাটোর জেলা বিএনপির সদস্য ও প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন বলেছেন, “আমি এখানে এসে বুঝলাম একজন মুসলিম মা আর হিন্দু মায়ের স্নেহে কোনো ভেদাভেদ নেই। হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। ধর্মের কারণে কোনো বিভেদ থাকতে পারে না।”
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার হাসিমপুর গ্রামে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, “আমি কোনোদিন পিঁপড়া মারিনি, মুরগি জবাই করিনি। কিন্তু আমার হিন্দু মা, বোন, ভাইদের ওপর যদি কোনো কালো হাত আসে, সেই হাত আমি ভেঙে দেব। হিন্দু সম্প্রদায়ের জীবন, সম্পদ, সম্মান ও অধিকারের প্রতি ন্যূনতম কোনো অন্যায় বরদাশত করা হবে না।”
এর আগে তিনি উপজেলার সালামপুর বাজারে লিফলেট বিতরণ করেন। পরে রঘুনাথপুর ও ঢুষপাড়া গ্রামে লিফলেট বিতরণ, রাজনৈতিক কার্যালয় উদ্বোধন ও অসুস্থ কর্মীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।
এ সময় এক পথ সভায় তিনি বলেন, “কিছু রাজনৈতিক দল এমন সব দাবি করছে, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। যে বিষয়টি রাজনৈতিকভাবে সচেতনরাও পুরোপুরি বোঝেন না, তা সাধারণ মানুষ কীভাবে বুঝবে? এসব করে নির্বাচন ঠেকানো যাবে না।”
এ সময় উপস্থিত ছিলেন আড়বাব ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি জুয়েল হোসেন, সাবেক সহ সভাপতি মো. জামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুল, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল আলম সহ স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি 





















