ফিরোজ আলমঃ
প্রকৃত কৃষকদের শনাক্ত করে সারের সুষম বণ্টন নিশ্চিত করতে বিশেষ একটি অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে এলাকার ভাঙা রাস্তাঘাটের অন্তত ৮০ শতাংশ সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়কালে এসব কথা বলেন এমপি মিলন। এ সময় তিনি কৃষি, অবকাঠামো, আইনশৃঙ্খলা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন। কৃষকদের সার পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগের কথা তুলে ধরে এমপি মিলন বলেন, “কৃষকদের প্রকৃত তথ্য, জমির পরিমাণ এবং সারের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কালোবাজারে সার বিক্রেতাদের চিহ্নিত করা হবে এবং স্বজনপ্রীতি ও দলীয়করণ ছাড়াই সব সুযোগ-সুবিধা সুষমভাবে বণ্টন করা হবে।”
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র মানুষের জন্য সরকারি ভাতার ব্যবস্থা অব্যাহত থাকবে। সমাজে বৈষম্য ও হানাহানি দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং দলাদলি বা মারামারিতে না জড়ান, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। এমপি মিলন বলেন, দেশে স্বাধীন বিচারব্যবস্থা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ তৈরি করা হবে। মা-বোনদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও জানান তিনি।
স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়ে এমপি মিলন বলেন, “আগামী ছয় মাসের মধ্যে এলাকার ছোট-বড় সব রাস্তাঘাটের মেরামতকাজ অন্তত ৮০ শতাংশ সম্পন্ন করা হবে।” পাশাপাশি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে ধরে এমপি মিলন বলেন, তিনি সকাল নয়টা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এমপি মিলন বলেন, নির্বাচনে যোগ্য ও ভালো মানুষদের মনোনয়ন দেওয়া হবে। আনুষ্ঠানিক দলীয় প্রতীক না থাকলেও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। সাধারণ মানুষকে খারাপ প্রার্থী বর্জন করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এমপি মিলন মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় যান। তিনি গাছের চারা রোপণ ও বিতরণ করেন। বেলনা শিবমন্দির প্রাঙ্গণে চারা রোপণ ও বিতরণ শেষে বেলনা উচ্চ বিদ্যালয় মাঠের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ ছাড়া ঘাসিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ভাঙা রাস্তাঘাট ও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে সবাইকে বেশি করে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।
পরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অসুস্থ মায়ের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এমপি মিলন। এ সময় তিনি চেয়ারম্যানের প্রয়াত বাবার কবর জিয়ারত করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের নেতা মির্জা শওকত, নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা, সদস্য সচিব ববিতা খাতুন, সিনিয়র যুগ্ম আহবায়ক (সাবেক ইউপি সদস্য) নাসিমা আক্তার বেলী ও মহিলা নেত্রী সাবনুর খাতুন।
২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক আনসার আলী মীর, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী মন্ডল, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার, সাবেক সদস্য সচিব ও বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















