মোঃ আরিফুল হাসানঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভার ১৮ নম্বর গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। ফলে বিদ্যালয়ে আসা কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের এ সমস্যার দ্রুত সমাধান দাবি করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পুরো মাঠ জলমগ্ন হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের পানি মাড়িয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হওয়ার আশঙ্কাও থাকে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত পানি জমে থাকলে পাঠদান ব্যাহত হয়। কখনো কখনো শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয় বন্ধ রাখতেও বাধ্য হতে হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় নেতিবাচক প্রভাব পড়ে।
অভিভাবকরা বলেন, বৃষ্টির দিনে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় লাগে। হাঁটুপানি পেরিয়ে স্কুলে যেতে গিয়ে তারা ভিজে যায়, অসুস্থ হওয়ার ঝুঁকিও থাকে। তাই দ্রুত মাঠ ভরাট ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান তারা।
প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সজীব জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে মাঠটি উঁচু করা এবং কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বিদ্যালয়ে আসা-যাওয়া এবং পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 











