সাজেদুর রহমানঃ
যশোরের শার্শায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণের চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা মোড়ে এ ছিনতায়ের ঘটনা ঘটে।
জানা গেছে, ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেয়। বরাদ্দকৃত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়ি নিয়ে যাওয়ার সময় ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার এবং আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুল ভ্যান থামিয়ে জোর পূর্বক দুই থেকে তিন বস্তা করে চাল নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ছিনতাইকারীরা সবাই শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী বলেন, পরিষদ থেকে আমাদের ৩ বস্তা চাল দিয়েছিল। বাড়ি ফেরার সময় ধলদা মোড়ে বিএনপির কয়েকজন নেতা কর্মি তাদের পথে দাঁড় করিয়ে গালিগালাজ করতে থাকে । জোর করে ১ বস্তা চাল নিয়ে নেই। এরা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে।
আরেক নারী বলেন, সরকার আমাদের যা দিচ্ছে, সেটুকু নিয়েও যদি এভাবে ভয়ভীতি আর লুটপাট হয়, তাহলে আমরা কোথায় যাব? গরিবের প্রাপ্য জিনিসও কেড়ে নিচ্ছে ওরা।
অভিযুক্ত বিএনপি নেতা জসিম, ইয়ানুর, মশিয়ারের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম না। তবে মশিয়ারসহ তারা সেখানে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও চাল ছিনতায়ের কথা অস্বীকার করেন।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, হতদরিদ্রের চাল ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে কেও নিয়ে নিলে সেটা ছিনতাই হয়। আমি শার্শার ওসিকে বলে দিয়েছি তদন্ত করে ব্যবস্থা নিতে।
শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম বলেন, চাল ছিনতাই এর বিষয়ে থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 





















