সাহিদা পারভীন:
কোন প্রকার সংযোগ সড়ক ছাড়াই ২টি ব্রিজ নির্মাণের অভিযোগ উঠেছে। তাও আবার মাত্র ২টি পরিবারের সুবিধার জন্য। ১শ ফুট ব্যবধানে এমন কাজ বন্ধের দাবিতে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলার ফুলকাউন্নার এলাকায় মানববন্ধন করেছে প্রায় ৫ শতাধিক এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, একটি ব্রিজ সড়কের মুখে নির্মাণ করা হলে অন্তত ২শ পরিবার উপকৃত হবে।
স্থানীয়রা জানান, মোসলেম বাড়ির সামনে একটি ব্রিজ নির্মাণের জন্য মাপঝোপ করা হয়েছিল এবং একটি বিদ্যুতের খুঁটিও সরানো হয়। কিন্তু পরে সেখানে ব্রিজ না করে চাঁদ আলীর বাড়ির সামনে নির্মাণকাজ শুরু হয়। একই স্থানে আরও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। একটি পরিবারের জন্য ১শ ফুট ব্যবধানে দুটি ব্রিজ নির্মাণের অভিযোগ তোলেন তারা।
তাদের ভাষ্য, এখানে সঠিক স্থানে ব্রিজ হলে প্রায় ৫শ পরিবার খাল পারাপারে সুবিধা পেত। পাশাপাশি কৃষকরা কৃষিপণ্য আনা-নেওয়া এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারত।
নির্মাণাধীন ব্রিজের সামনের বাসিন্দা চাঁদ আলী বলেন, “আমি ও আমার বোন শাহিদার বাড়ির সামনে দুটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আমাদের বাড়ির পাশ দিয়ে কোনো রাস্তা নেই। এখানে আমাদের দুই পরিবারের জন্যই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে গিয়ে প্রকৌশলী অরুন কুমার দাসকে পাওয়া যায়নি। দপ্তর সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ৩টি ব্রিজ ও ১টি অফিসসহ মোট পাঁচটি কাজের জন্য ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জাইকা এ প্রকল্পের ব্যয় বহন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 























