মো. নাঈমুল ইসলাম:
রংপুর মহানগরীর তাজহাট থানাধীন আনসারী মোড় এলাকায় নিজ অটোরিকশা গ্যারেজের তালাবদ্ধ ঘর থেকে আব্দুর রহমান (৬৫) নামে এক গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যার পর ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে গ্যারেজের বাইরে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা। এ সময় গ্যারেজের দরজা বন্ধ ও বাইরে তালা ঝুলতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
দুপুর সাড়ে ১২টার দিকে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আব্দুর রহমান নগরীর আনসারী মোড় এলাকার মৃত তামিরুদ্দিনের ছেলে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বুধবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহমানকে মাথায় আঘাত করে হত্যা করে। পরে তার কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে বাইরে থেকে গ্যারেজে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
নিহতের ছেলে মো. রুবেল মিয়া দাবি করেন, তার বাবার কক্ষের আলমারিতে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিল। দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রহমানের পারিবারিক জীবনে নানা জটিলতা ছিল। সম্প্রতি তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি গ্যারেজসংলগ্ন একটি কক্ষে একাই বসবাস করতেন।
নিহতের পুত্রবধূ রেবেকা জানান, পারিবারিক মনোমালিন্যের কারণে সরাসরি কথা না হলেও প্রতিদিন তারা আব্দুর রহমানকে গ্যারেজে দেখতেন। বুধবার রাতেও তিনি স্বাভাবিকভাবে গ্যারেজের কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে তার মৃত্যুর খবর পান।
পরিবার ও স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ 
মোঃ নাঈমুল ইসলাম, রংপুর (সদর) উপজেলা প্রতিনিধি 



















