বিশ্ব পরিবেশ দিবসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
মো. আকাশ উজ্জামান শেখ:
পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল। মায়ের মতো এ পৃথিবী আমাদের আগলে রেখেছে। কিন্তু মানুষের দেহ যেমন অসুস্থ হলে তার কার্যক্ষমতা কমে যায়, তেমনি পৃথিবীর স্বাভাবিক বৈচিত্র্যে বাধার সৃষ্টি হলে পৃথিবীও অসুস্থ হয়ে পড়ে। তখন প্রাণীকূলের জীবনযাপন হুমকির মুখে পড়ে। পৃথিবীকে সুস্থ ও সুন্দর রাখতে বনায়নের বিকল্প নেই। সেই লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১০টি বিদ্যালয়ে পরিবেশ শীতল ও সবুজ রাখতে প্রতিটি বিদ্যালয়ে ১০টি করে মোট ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভুঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম মোল্লা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, রামপাল এপির সহায়কবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সুন্দরভাবে বেঁচে থাকতে হলে পৃথিবীকে ভালো রাখতে হবে। পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে, জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পায় এবং প্রাণীকূলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বর্তমানে পরিবেশ দূষণের প্রভাব জলবায়ুতে স্পষ্টভাবে পড়তে শুরু করেছে এবং পৃথিবী ক্রমেই উষ্ণ হয়ে উঠছে। এ অবস্থা চলতে থাকলে পৃথিবী তার স্বাভাবিক বৈচিত্র্য হারাবে এবং একসময় প্রাণীকূলের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
তাই সবাইকে পরিবেশের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা। বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি বনজ ও একটি ফলজ গাছ রোপণের নির্দেশনাও দেওয়া হয়।
অনুষ্ঠানে ভুঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে এক বক্স করে রং পেনসিল বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ছয়জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
সবশেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ঔষধি ও দুটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 




















