সময়ের প্রত্যাশা ডেস্কঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ও বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলেশ্বরদী চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের মধ্যে ২১ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, ২০২০ সালে ওই জমির একটি অংশ দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করা হয়, যা নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে বিরোধ নিষ্পত্তির উদ্যোগকে ঘিরে। শুক্রবার বিকেলে স্থানীয়ভাবে সালিস হওয়ার কথা থাকলেও একটি পক্ষ উপস্থিত না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরদিন বিকেলে বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি দোকান ও বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিরোধের এক পক্ষের দাবি, আদালতের রায় থাকা সত্ত্বেও তারা জমির দখল পাননি এবং প্রতিপক্ষের লোকজন তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে চেয়ারম্যান পক্ষ অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, তাদের বাড়িতে হামলা ও তালা দেওয়ার ঘটনা থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
সময়ের প্রত্যাশা ডেস্ক 



















