আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের সবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বটতলা এলাকায় নির্মাণাধীন রাস্তায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৮০০ মিটার দীর্ঘ এই রাস্তা পাকাকরণের কার্যাদেশে ১০ ফুট প্রশস্ত করার নির্দেশ থাকলেও বাস্তবে কোনো কোনো অংশে মাত্র সাড়ে সাত ফুট চওড়া করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এছাড়া রাস্তার নিচের অংশে শর্ত অনুযায়ী ছয় ইঞ্চি বালু ও ছয় ইঞ্চি ইটের খোয়া দেওয়ার কথা থাকলেও মাত্র দুই-তিন ইঞ্চি খোয়া ব্যবহার করা হচ্ছে। রাস্তার দু’পাশে মাটি ভরাট না করেই তড়িঘড়ি করে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে বলে গ্রামবাসীর দাবি।
উপজেলা প্রকৌশলী আব্দুস ছাত্তার অভিযোগ পাওয়ার পর সরেজমিনে পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর আমি কাজটি পরিদর্শন করেছি। গুণগত মান যেন বজায় থাকে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ঠিকাদার বাইরে বিটুমিন প্রস্তুত করে এনে ব্যবহার করছে, আর সেই স্থানে আমাদের লোকজনও তদারকিতে রয়েছে।”
রাস্তার পাশে বসবাসরত লাভলু মোল্যা জানান, “আমার বাড়ির সামনে প্রায় একশো ফুট এলাকায় রাস্তা মাত্র সাড়ে সাত ফুট চওড়া করে তৈরি করা হচ্ছে। নকশা অনুযায়ী রাস্তা না করে প্রভাব খাটিয়ে রাস্তার প্রস্থ আড়াই ফুট কমানো হয়েছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।”
তদারকির দায়িত্বে থাকা উপ-প্রকৌশলী জাবের হোসাইন বলেন, “রাস্তার দুই পাশের জমির মালিকরা জায়গা না দেওয়ায় পুরো ১০ ফুট চওড়া রাস্তা নির্মাণ সম্ভব হচ্ছে না।” তবে জমির মালিক হাজেরা খাতুন জানান, “অনেকবার মাপঝোপ করা হয়েছে। আমি আর এক ইঞ্চি জায়গাও ছাড়ব না।”
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বন্যা কন্সট্রাকশন’-এর স্বত্বাধিকারী স্বজল বলেন, ““আমরা যা করছি তা প্রশাসনের নজরদারিতেই হচ্ছে। অনিয়ম আছে কি না, সেটা দেখতে চাইলে আপনারাও এসে পর্যবেক্ষণ করতে পারেন।”
গ্রামবাসীর আশঙ্কা, নিম্নমানের কাজের কারণে শতবর্ষী এই গুরুত্বপূর্ণ সড়কটি এক বছরের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তারা দ্রুত অনিয়ম বন্ধ করে যাচাই-বাছাই শেষে পুনরায় মানসম্মতভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর 






















