আরিফুল ইসলাম রতন:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের শ্রীপুর এলাকায় অসহায় হামিদা খাতুনের ওপর বর্বর নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিরহাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হামিদা খাতুনের স্বামী, দুই মেয়ে, স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হামিদা খাতুনকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং হামিদার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
বক্তব্য দেওয়ার সময় হামিদার দুই মেয়ে ও স্থানীয় কয়েকজন বাসিন্দা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা অভিযোগ করেন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামিদাকে সহযোগিতাকারীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এ সময় প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় সচেতন মহলের লোকজন অভিযোগ করেন, আব্দুল খালেকের বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল খালেক, মনোয়ারা, ইয়াসিন, খালেদা, মরিয়ম ও তফাজ্জলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে, এ ঘটনায় আব্দুল খালেক ও শ্রী মনোয়ারাকে ধোবাউড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি 




















